প্রথম দুই ম্যাচে শ্রীলংকা এবং তৃতীয়টিতে জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। ফলে সাত ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। তাই চতুর্থ ম্যাচটি জিতে আবারো জয়ের ধারায় ফিরে সিরিজে আরও একধাপ এগিয়ে যেতে চাইছে লংকানরা। আর ইংল্যান্ডের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে সমতা আনা। এমন লক্ষ্য নিয়ে কলম্বোতে সিরিজের চতুর্থ ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে শ্রীলংকা ও ইংল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
প্রথম দু’ম্যাচে ইংল্যান্ডের চেয়ে পারফরমেন্সে পারদর্শীতা বেশিই দেখিয়েছে শ্রীলংকা। তাই টানা দুটি জয়ের স্বাদ নিয়ে সিরিজে চালকের আসনে বসে যায় লংকানরা। ফলে হ্যাট্টিক জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয় ম্যাথুজ-দিলশানদের সামনে।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ম্যাচেও নিজেদের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলো শ্রীলংকা। কিন্তু ম্যাচের শেষভাগে একটি ‘নো-বল’ নাটক ও ষষ্ঠ উইকেটে জো রুট ও জস বাটলারের অনবদ্য ৮৪ রানের জুটিতে সিরিজে প্রথমবারের মতো জয়ের মধুর স্বাদ নেয় ইংল্যান্ড। সেই সাথে শ্রীলংকার হ্যাট্টিক জয় আটকে দিয়ে সিরিজে পিছিয়ে থাকার ব্যবধান কমায় সফরকারীরা। ফলে চতুর্থ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে দু’দলের সামনে। তাই জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছে শ্রীলংকা ও ইংল্যান্ড।
কলম্বোর ওয়ানডের আগে তেমনটাই জানালেন শ্রীলংকার অধিনায়ক ম্যাথুজ, ‘তৃতীয় ম্যাচে ভালো খেলেও, হারতে হল। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই আমরা। চতুর্থ ম্যাচটিতে নতুনভাবে শুরু করতে চাই। জয়ের ধারায় ফিরতে চাই। তা হলে সিরিজে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’
ম্যাথুজের মত জয়ের স্বাদ পেতে চান ইংল্যান্ডের ভারপ্রাপ্ত দলপতি ইয়োইন মরগান, ‘দারুনভাবে সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছি আমরা। তৃতীয় ম্যাচটি ভালোভাবেই জিততে পেরেছি। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। এই স্পিড অব্যাহত রেখে সিরিজে সমতা আনতে চাই।’ তৃতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড দলপতি এলিষ্টার কুককে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে চতুর্থ ম্যাচে ইংলিশদের দায়িত্ব পালন করবেন বাঁ-হাতি মরগান।
এদিকে, চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দল ঘোষনা করেছে শ্রীলংকা। তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিক বোর্ড। থিলিনা কান্দাম্বির জায়াগায় এক ম্যাচ পর দলে ফিরেছেন অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে এবং শামিন্দা এরাঙ্গার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সুরাঙ্গা লাকমাল। ব্যক্তিগত কারনে তৃতীয় ম্যাচ খেলেননি জয়াবর্ধনে।
