টেস্টের পর দুই ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজও ড্র করল পাকিস্তান ও নিউজিল্যান্ড। গতরাতে দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ১৭ রানে হারিয়েছে পাকিস্তানকে। ফলে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের ৭ উইকেটে হারিয়েছিলো শহিদ আফ্রিদির দল।
সিরিজের প্রথম ম্যাচের মত এ ম্যাচেও টস জিতে নিউজিল্যান্ডের হাতে ব্যাট তুলে দেয় পাকিস্তান। তবে এ ম্যাচে শুরুটা দুর্দান্ত করে কিউইরা। ৭ ওভারেই ৪৯ রান তুলে ফেলেন সফরকারী দুই ওপেনার আন্টোন ডেভচিচ ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এরমধ্যে ২১ রান অবদান রেখে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ডেভচিচ। বেশিদূর যেতে পারেননি উইলিয়ামসনও। থামেন ব্যক্তিগত ৩২ রানে। উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে কিছুটা সাবধানী হয়ে পড়ে নিউজিল্যান্ড। ডিন ব্রাউনলি শুন্য ও রস টেইলর ৭ রানে আউট হন।
তবে মিডল-অর্ডারে দলকে লড়াকু স্কোরের পথে টেনে নিয়ে যান টম লাথাম ও লুক রঞ্চি। শেষপর্যন্ত লাথামের ২৬ ও রঞ্চির ৩১ রানের কল্যানে ৮ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন পেসার উমর গুল ও স্পিনার আফ্রিদি। সিরিজ জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। স্কোর বোর্ডে ২৪ রান উঠতেই ৩ ব্যাটসম্যানকে হারায় তারা। তবে এক প্রান্ত আগলে রেখে দলের জয়ের সম্ভাবনা ধরে রাখেন ওপেনার আহমেদ শেহজাদ। তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করেছিলেন মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান সাদ নাসিম ও উমর আকমল। কিন্তু এদের কেউ বড় জুটি গড়তে পারেননি। ফলে হারের সম্ভাবনা উজ্জল হয় পাকিস্তানের। শেহজাদ ৩৩, নাসিম ১৯ ও উমর আকমল ১০ রান করেন।
শেষদিকে ঝড়ো গতিতে ১১ বলে ২৮ রান করেও পাকিস্তানের হার আটকাতে পারেননি আফ্রিদি। ফলে নির্ধারিত ওভারের ৭ বল আগেই ১২৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কাইল মিলস ও জেমস নিশাম ৩টি করে উইকেট নিয়ে কিউইদের জয়ে বড় অবদান রাখেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ডেভচিচ ও রঞ্চি। টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শেষ হবার পর এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৪৪/৮, ২০ ওভার (উইলিয়ামসন ৩২, রঞ্চি ৩১, উমর গুল ২/২৪)।
পাকিস্তান : ১২৭/১০, ১৮.৫ ওভার (শেহজাদ ৩৩, আফ্রিদি ২৮, নিশাম ৩/২৫)।
ফল : নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী।
সিরিজ : দুই ম্যাচের সিরিজ ১-১এ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ : আন্তোন ডেভচিচ (নিউজিল্যান্ড)।
ম্যান অব দ্য সিরিজ : লুক রঞ্চি (নিউজিল্যান্ড)।
খবর বাসসের।
