সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১১:৫০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দনিবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার সকাল সোয়া আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মেইল ট্রেন-৫৫১। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন পার হবার পরে এর ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীরা নিরাপদে ট্রেনটি থেকে নেমে পড়ে। পরে খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বঙ্গবন্ধু সেতুতে প্রবেশের একমাত্র রেলপথে ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তর ও দণিবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
সিরাজগঞ্জ জিআরপি (রেলওয়ে) পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার জন্য ইতোমধ্যেই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগবে।