ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেলানকে হারিয়ে জয় তুলে নিয়েছে স্টোক সিটি। শনিবার নিজেদের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে ৩-২ গোলে জয় তুলে নেয় দলটি।
ম্যাচ শুরুর ১৯ সেকেন্ডে মাথায় প্রথম আঘাত করে স্টোক সিটি। মামে বিরাম দিওফের পাস থেকে বল পেয়ে আর্সেনালের জালে বল জড়ান পিটার ক্রাউচ। চলতি লিগ মৌসুমে এটিই দ্রুততম গোল। খেলার অর্ধসময় শেষ হওয়ার আগেই বোইয়ান কিরকিচ ও জোনাথন ওয়াল্টারসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্টোক সিটি।
ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান আর্সেনালের সান্তি কাসোরলা। স্টোক সিটির দিওফ প্রতিপক্ষের ম্যাথিউ ফামিনিকে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। এর দুই মিনিট পরে আর্সেনালের আলেক্সিস সানচেসের ক্রস থেকে বল পেয়ে আরো এক গোলের ব্যবধান কমান অ্যারন রামসি। তবে ম্যাচের ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ক্যালাম চেম্বারস। শেষ পর্যন্ত আর জয়ের দেখা পায়নি আর্সেনাল।
