রাজশাহী মহনগরীর কাটাখালিতে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার বেলা পৌনে একটার দিকে কাটাখালি পৌরসভার জুটমিলের গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের হাবিলদার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, জুটমিলের গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পাবনা থেকে আসা ইসলাম পরিবহন এবং শহর থেকে বানেশ্বরগামী রাজশাহী কলেজের শিক্ষার্থী বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে তিন ছাত্রী মারা যান। আহতদের অধিকাংশ রাজশাহী কলেজের বাসের শিক্ষার্থী। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজশাহী সদর ফায়ার স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশন কর্মীদের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
