মূসক ব্যবস্থার উন্নায়নে ৪৮০ কোটি টাকা দিবে বিশ্বব্যাংক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ১৮:৩১
 
বাংলাদেশের মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থার আধুনিকায়নে বিশ্বব্যাংক ৬ কোটি মার্কিন ডলার বা ৪৮০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দিবে। ১০ বছরের রেয়াতকালসহ ঋণ পরিশোধে সময় পাওয়া যাবে ৪০ বছর। রেয়াতকাল পরবর্তী সময়ে ছাড় হওয়া অর্থে দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। এ ঋণের বিপরীতে  কোনো কমিটমেন্ট ফি পরিশোধ করতে হবে না। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সাথে ঋণচুক্তি করেছে সরকার। 
রবিবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক সালমান জাঈদী চুক্তিপত্রে সই করেন।
জানা গেছে, বাংলাদেশে সক্রিয় মূল্য সংযোজন কর (মূসক) প্রদানকারীরর সংখ্যা ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজারে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্যে নেয়া হচ্ছে রেভিনিউ মবিলাইলেজন প্রোগ্রাম ফর রেজাল্ট: ভ্যাট ইমপ্রুভমেন্ট নামক একটি কর্মসূচী। জাতীয় রাজস্ব বোর্ডের এ কর্মসূচি বাস্তবায়নে ৬ কোটি মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দিচ্ছে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। 
জানা যায়, চলতি বছরের ৩ মে প্রকল্পটিতে অর্থায়নে ঋণচুক্তির অনুমোদন দেয় বিশ্বব্যাংকের বোর্ডসভা। ওই সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের মোট অভ্যন্তরীণ আয়ের (জিডিপি) বিবেচনায় ভ্যাট আহরণের পরিমাণ বাড়াতে এ প্রকল্পটি নেয়া হয়। ২০১২-১৩ সালে জিডিপি’র ৩ দশমিক ৭ শতাংশ ভ্যাট আদায় হয়েছে। ২০১৯ সালের মধ্যে অন্তত এক শতাংশীয় পয়েন্ট ভ্যাট বাড়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।