স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, রূপক অর্থে বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করার জন্য হলেও “ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস” এর মূল উদ্দেশ্য হল মনটাকে পরিশুদ্ধ করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো দুর্নীতিমুক্ত ও জঙ্গিমুক্ত করে আদর্শ করে গড়ে তোলার জন্যই চলছে সজীব ওয়াজেদ জয় এর ঘোষণা করা “ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস” কার্যক্রম।
রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে “ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস” কার্যক্রম উদ্ভোধন করার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যা এখন সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ বছর বাংলাদেশ ৫০,০০০ মেট্রিক টন খাদ্য রপ্তানি করে শ্রীলংঙ্কাতে। আর প্রধানমন্ত্রীর এই সব কাজে প্রযুক্তির দিক দিয়ে সাহায্য করে যাচ্ছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় ধারণা করেন প্রধানমন্ত্রীর এই স্বপ্ন পূরণের জন্য ছাত্রলীগকে দরকার। তার ধারণার প্রতিফলনই হল “ক্লিন ক্যাম্পাস-সেফ ক্যাম্পাস” কর্মসূচি। যার উদ্দেশ্য হলো ক্যাম্পাস পরিষ্কারের পাশাপাশি ছাত্রলীগকে আদর্শভাবে গড়ে তোলা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাশের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শাদাত উল্লা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির উপ-সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
অধ্যাপক মো: শাদাত উল্লা বলেন, শুধু ক্যা¤পাস পরিষ্কার করলেই চলবেনা, বাহ্যিক পরিষ্কারের সাথে অন্তরের কালিমাও দূর করতে হবে। গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ছাত্রলীগের ভালো কাজ মিডিয়া প্রকাশ করে না। এসময় তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশংসা করেন। উদ্ভোধন শেষে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন।
