সাঙ্গাকারা-ম্যাথুজের নৈপুণ্যে শ্রীলংকার জয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ২০:৩৬



ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতলো শ্রীলংকা। ফলে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬৫ রান তুলে অলআউট হয় ইংলিশরা। জবাবে কুমার সাঙ্গাকার ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে তরী ভেড়ায় শ্রীলংকা।

প্রথমে ব্যাট করার সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। দলীয় ৫ রানে শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার অ্যালেক্স হেইলস। এরপর ২৯ রানে ব্যক্তিগত ১৯ রানে করে ফেরেন আরেক ওপেনার মইন আলিও। তবে শুরুর ধাক্কাটা পরবর্তী ভালোভাবেই সামাল দেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নামা জেমস টেইলর। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন জো রুট ও রবি বোপারা। তবে বড় ইনিংস খেলতে পারেননি তারা। রুট ৩৬ ও বোপারা ২২ রানে ফিরেন। তবে বড় ইনিংস খেলেছেন টেইলর। প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া ম্যাচে শেষ পর্যন্ত ৯০ রানে আউট হন টেইলর। তার ১০৯ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। আর শেষদিকে মারমুখীয় ব্যাট চালিয়ে দলকে লড়াকু স্কোরে নিয়ে যান ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক ইয়োইন মরগান। ইনিংসের শেষ ওভারে ১৮ রানসহ ৬২ রান করেন মরগান। ফলে ২৬৫ রানের পুজিঁ পায় ইংলিশরা। শ্রীলংকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন তিলকরতেœ দিলশান, অজান্থা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ।
জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৯ রানের মধ্যে দুই ওপেনারকেই হারায় শ্রীলংকা। দিলশান ১৬ ও কুশাল পেরেরা ৩১ রানে ফিরে যান। এরপর হাল ধরেন দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গারকারা ও মাহেলা জয়াবর্ধনে। জুটিতে এরা দলকে উপহার দেন ৯৬ রান। এরমধ্যে ৪৪ রান অবদান রেখে আউট হন জয়াবর্ধনে। আর তাতে জয়ের পথেই হাঁটতে থাকে স্বাগতিকরা।
আর সেই জয় পরবর্তীতে নিশ্চিত হয়েছে সাঙ্গাকারার ১০৫ বলে ৮৬, ম্যাথুজের ৬০ বলে ৫১ রানের উপর কল্যানে। সাঙ্গাকারা আউট হলেও, ম্যাথুজকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লাহিরু থিরিমান্নে। তার সংগ্রহ ছিল ১৯ রান। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্রিস জর্ডান। ম্যাচের সেরা হয়েছেন সাঙ্গাকারা। পাল্লেকেল্লেতে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২৬৫/১০, ৫০ ওভার (টেইলর ৯০, মরগান ৬২, মেন্ডিস ৩/৫৬)।
শ্রীলংকা : ২৬৭/৪, ৪৯.৪ ওভার (সাঙ্গাকারা ৮৬, ম্যাথুজ ৫১*, জর্ডান ২/৩৫)।
ফল : শ্রীলংকা ৬ উইকেটে জয়ী।
সিরিজ : সাত ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা।
ম্যান অব দ্য ম্যাচ : কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)।
খবর বাসসের।