চট্টগ্রামের মেয়র হাউস নির্মাণের ওপর স্থিতিবস্থা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ২১:৩৮
 
চট্টগ্রামের টাইগার পাস এলাকায় পাহাড় কেটে মেয়র হাউস নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাহাড় পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে (তদারকি) নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এছাড়া পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নিতে, নির্মাণসামগ্রী সিটি করপোরেশনের নিজ খরচে অপসারণে এবং মাটি ভরাট করে দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম সিটি করপোশেনের মেয়র, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ উপরোক্ত নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট দায়ের করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।