আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের ভোট ছাড়া চুপি চুপি বৈঠক ও ষড়যন্ত্র করে কোন লাভ নেই। চক্রান্ত ও বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন। সমপ্রতি গুলশানে খালেদা জিয়ার গোপন বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘চুপকে চুপকে’ আয়োজন করা ওই বৈঠকে কোন কোন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অবশ্যই তাদের চাকরিচ্যুত করা হবে।
গতকাল রবিবার দুপুুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য বিএনপি থেকেও প্রতিনিধি নিতে চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তার কথা না মেনে আন্দোলনের দোহাই দিয়ে নির্বাচন বানচালের নামে জামায়াতকে সাথে নিয়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যায় মেতে ওঠে। তিনি বলেন, মনে রাখতে হবে পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি নির্বাচন ছাড়া কোন দল ও গণতন্ত্র টিকতে পারে না।
বিএনপিকে মাথা ঠান্ডা রেখে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হলে তা প্রশাসন কঠোরভাবে দমন করবে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা হলে জনগণই তার সমুচিত জবাব দেবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ।
সম্মেলন শুরুর আগে মোহাম্মদ নাসিম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকের বুলেটে নিহত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
