মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয়

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ২০:৩৪



পিছিয়ে থেকেও লিয়নেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে এস্পানেয়লের বিপক্ষে রবিবার ক্যাম্প ন্যুতে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই ব্লগ্রানা একাডেমীর খেলোয়াড় সার্জিও গার্সিয়ার গোলে ক্যাম্প ন্যুতে নিরবতা নেমে আসে। কিন্তু বিরতির ঠিক আগে মেসি ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে আর্জেন্টাইন সুপারস্টার বার্সেলোনাকে এগিয়ে দেন। জেরার্ড পিকে কর্নার থেকে হেডের সাহায্যে তৃতীয় গোল করার পরে চারবারের ব্যালন ডি’অ বিজয়ী মেসি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৭ মিনিটে পেড্রো শেষ গোলটি করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে বার্সেলোনা রিয়ালের পরে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র দুই। বুধবার চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট-জার্মেইর বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিটাও বেশ ভালভাবেই সেড়ে নিল কাতালানরা।

ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি বার্সেলোনার। তার উপর বাম দিক থেকে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গার্সিয়া দুর্দান্ত ফিনিশিংয়ে এস্পানেয়ল এগিয়ে গেলে বার্সা শিবির হতবাক হয়ে যায়। ক্লডিও ব্র্যাভোর অবশ্য এই গোল হজমে কিছুই করার ছিল না। কিছুক্ষণ পরে গার্সিয়া ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন। এরপর অবশ্য পরপর বার্সেলোনা বেশ কয়েকটি আক্রমণ চালায়। ৩০ গজ দূর থেকে মেসির ফ্রি-কিক ক্রস বারে লাগে, লুইস সুয়ারেজের জোড়ালো শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে বিরতির ঠিক আগে ২৫গজ দূর থেকে মেসির সুনির্দিষ্ট শট বার্সেলোনাকে সমতায় ফেরায়।
৪৯ মিনিটে অল্পের জন্য সফরকারী ডিফেন্ডার এরিক বেইলি নেইমারকে ফাউল করার পরে রেফারির চোখ এড়িয়ে গেলে এস্পানেয়ল ১০জনের দলে পরিণত হয়নি। এর মিনিটখানের পরেই সুয়ারেজের পাস থেকে সফরকারী গোলরক্ষক কাসিয়াকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন। ৫৩ মিনিটে ইভান রাকিটিচের কর্ণার থেকে হেডের সাহায্যে গোল করলে বার্সার জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। ৭৭ মিনিটে জোর্ডি আলবার ক্রস-ফিল্ড পাস থেকে বদলী খেলোয়াড় পেড্রো দলের জয় নিশ্চিত করেন। তবে চার মিনিট পরে পেড্রোর সাথে দারুণ সমঝোতায় মেসি চার ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক পূরণ করেন।