দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়ে গেছে পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ডাকবাংলোর ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সভা উপলক্ষে সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো ও যুগ্ম সম্পাদক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল পৃথকভাবে কর্মী-সমর্থকের সমাবেশ ঘটায়। দুপুর একটার দিকে উভয়পক্ষই মিছিল করে সভাস্থল স্থানীয় ডাকবাংলো চত্বরে যায়। সেখানে দু’নেতার পক্ষেই মিছিল ও পাল্টা মিছিল হতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হয়। বেঁধে যায় সংঘর্ষ। চেয়ার ছোঁড়াছুড়ি ও মারামারি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এ সময় সাধারণ কর্মী-সমর্থকরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে পুলিশসহ অন্ততঃ ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ডাকবাংলোর ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিশেষ বর্ধিত সভা বন্ধ করে জেলা নেতৃবৃন্দ পুলিশ প্রহরায় সভাস্থল ত্যাগ করেন।
