নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদর বাজারের ব্যবসায়ী এনামুল হককে (৩২) গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পৌর সদরের সাউদপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে চয়ন (২২) ও টেংগুরী গ্রামের গিয়াাস উদ্দিনের ছেলে শামীম (২৩)। পৌর সদরের সাউদপাড়া মোড় ও কলেজ রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করছি, দ্রুত এ ঘটনার রহস্য বেরিয়ে আসবে।
এদিকে গত রবিবার বাজারের সকল দোকানপাট রেখে অর্ধদিবস ধর্মঘট ও মিছিল-সমাবেশ করেন ব্যবসায়ীরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
উল্লেখ্য, পৌর সদরের কলেজ রোডের ‘ওয়াসিম টেলিকম’ নামে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে সাউদপাড়া এলাকায় ব্যবসায়ী এনামুল হককে গুলি করে তার সঙ্গে থাকা নগদ ৩ লাখ টাকার ব্যাগসহ কয়েকটি মোবাইল সেট নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে গুলিবিদ্ধ এনামুলকে উদ্ধার করেন। আহত এনামুল হককে ঢাকার শমরিতা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
