রাবি ছাত্রদল নেতা কর্মীদের জামিন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেফতারকৃত ১৪ নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। গতকাল সোমবার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন আক্তার তাদের জামিনে মুক্তির নির্দেশ দেন। এদিকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানান রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসানুজ্জামান অলিন।

নগরীর মতিহার থানার ওসি জানান, রবিবার রাবি শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ১৭ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই ১৪ জনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অধ্যাদেশের ৮৯ ধারায় (সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। ১৭ নেতাকর্মীকে আটকের পর ছাত্রদলের নেতারা গতকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করে।