নারায়ণগঞ্জে ৭ খুন

দোষ স্বীকার র্যাবের সাবেক এএসআই’র

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৮

জেলায় আলোচিত ৭ খুনের ঘটনায় র্যাব-১১ এর সাবেক এএসআই আবুল কালাম আজাদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নিজের দায় স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি কিলিং মিশন থেকে শুরু করে লাশ নদীতে ফেলে দেয়ার পুরো ঘটনা বলেছেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে গতকাল সোমবার জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে গত ১ ডিসেম্বর রাতে কুমিল্লা থেকে আবুল কালাম আজাদসহ ৩ জনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর ২ জন বজলুর রহমান ও হাবিল নাছির উদ্দিন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, দায়েরকৃত দুই মামলায় সোমবার আদালতে আবুল কালাম আজাদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।