বাংলাদেশি ৪ তরুণীকে ফেরত দিয়েছে ভারত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১১:১৭
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর কেন্দ্রীয় কারাগার ও আশ্রয় নিবাসে থাকা চার বাংলাদেশি তরুণীকে র্দীর্ঘ এক বছর পর সোমবার রাতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে গ্রহণ করেছেন। এরা হলেন, লাভনী (১৬), সুবর্ন(১৫), আমেনা(১৫)ও মাবিয়া(১৭)। এরা নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, দেশে ফেরত আসা চার বাংলাদেশি তরুণী এক বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পেরিয়ে অবৈধ পথে ভারতে যায়। পশ্চিমবঙ্গের কোলকাতার শিয়ালদহ রেল স্টেশন যাওয়ার পর পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে কারাগার থেকে মুক্ত করে ‘সংলাপ’ আশ্রয় নিবাসে পাঠায়।
র্দীঘদিন ভারত ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের ফলশ্রুতিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।
ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করার পর বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।