নেত্রকোনায় গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১৫:২৩
 
নেত্রকোনার কেন্দুয়ায় ছিনতাইকারীর গুলিতে আহত ব্যবসায়ী এনামুল হক (৩২) মারা গেছেন। ঢাকার শমরিতা হাসপাতালে সোমবার রাতে তিনি মারা যান। তিনি আইথর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় এনামুলের বড় ভাই কাদির গণি গত শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন তালুকদার দোলনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন তালুকদার দোলন পলাতক রয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জণ দেব গুলিবিদ্ধ এনামুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর সদরের সাউদপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে চয়ন (২২) ও টেংগুরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শামীম (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ঐ দুই যুবক ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে সাউদপাড়া এলাকায় ব্যবসায়ী এনামুল হককে গুলি করে তার সঙ্গে থাকা নগদ তিন লাখ টাকার ব্যাগসহ কয়েকটি মোবাইল সেট নিয়ে যায় ছিনতাইকারীরা। এতে এনামুলের বাম হাতে চারটি ও বুকের নিচের অংশে একটি এবং পেটের বামপাশে একটি গুলি লাগে। পরে গুলির শব্দ শোনে স্থানীয়রা ছুটে এসে গুলিবিদ্ধ এনামুলকে উদ্ধার করে। ঘটনার পরপরই গুলিবিদ্ধ এনামুলকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ঢাকার শমরিতা হাসপাতালে আনা হয়।