কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ হাজার টাকার ঔষধ চুরি, আয়া আটক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১৬:০৭
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার ৫০ হাজার টাকা মূল্যের সরকারি ঔষধ চুরির দায়ে পুলিশ আয়া পদে কর্মরত হাসিনা বেগম নামে এক নারীকে আটক করেছে।
জানা গেছে, আয়া হাসিনা বেগম রাতের ডিউটি শেষে মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ি যাওয়ার সময় দুটি কাপড়ের ব্যাগে করে দুই কাটুন ৫’শ মিলি গ্রাম সেফ্রাডিন ইনজেকশন, ২৫ প্যাকেট ওসারটিল ট্যাবলেট, দুই কাটুন জেসোক্যাল ৫’শ এমজি ট্যাবলেট ও দুইশ পিস সিরিঞ্জসহ আরো অন্যান্য ঔষধপত্র চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় মেডিক্যাল পাড়ার ওয়াশিম আয়া হাসিনাকে আটক করে। স্থানীয় লোকজন জড়ো হলে কিছু ঔষধপত্র লুট হয়ে যায়। পরে কিশোরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে আয়াকে আটক ও ঔষধ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আবাসিক মেডিক্যাল অফিসার শামিমুজ্জামান শামিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে অভিযোগ উঠেছে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজিমা বেগম ও নাসির হোসেন স্টোর কিপার ফজলে রাব্বীন সাথে যোগসাজস করে হাসপাতালের ঔষধ পাচার করে ওই আয়াকে দিয়েছিল।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদার রসূল ঔষধ চুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আয়া হাসিনা কার কাছ থেকে ঔষধ পেয়েছে তা জানা যাবে।
এব্যাপারে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি ওই আয়াকে আটকসহ ঔষধ উদ্ধার করার কথা স্বীকার করেন।