গাজীপুর মহানগরের কোনাবাড়ি নতুনবাজার এলাকায় মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউনসহ ৩০টি দোকান ঘর পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নতুনবাজার এলাকায় একটি দোকানে ভোর পৌণে পাঁচটার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশেপাশের ঝুটের গোডাউন ও দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মজনু মিয়া ঝুটের গোডাউন, শহীদুল, সামসুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের কাপড়ের দোকানসহ বড়-ছোট অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঝুটের গোডাউন ও অন্যান্য দোকানসহ অন্তত ৩০টি দোকান পুড়েছে। আগুন নেভানো হয়েছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
