ওয়ার্নারের সেঞ্চুরি হিউজকে উৎসর্গ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৭



১২ দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ। তাকে হারানোর শোক এখনো সবার মন জুড়ে। তারপরও শোককে সাথী করে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। আর এ ম্যাচেই সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ানদের মুখে কিছুটা হাসি ফুটিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সাথে নিজের সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন সতীর্থ হিউজকে। আর ওয়ার্নারের ১৪৫ রানের সুবাদে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৫৪ রান তুলেছে অস্ট্রেলিয়া।

হিউজকে হারানোর শোকে এখন শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব। আর অস্ট্রেলিয়ানদের শোকটা আরও বেশি, বলাই যায়। তবে দীর্ঘদিন পর মুখে হাসি ফুটেছে অস্ট্রেলিয়ানবাসীদের। উপলক্ষ্য করে দিয়েছেন হিউজের ওপেনিং পার্টনার ওয়ার্নার। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। সেঞ্চুরি করে দীর্ঘক্ষণ ব্যাট ও হেলমেট উপরে তুলে মনে মনে কিছু বলছিলেন তিনি। কি বলছিলেন, বুঝার উপায় ছিল না। তবে দিনের খেলা শেষে ওয়ার্নারের কন্ঠেই বুঝা গেল সেঞ্চুরিটি হিউজকেই উৎসর্গ করেছেন, ‘আমি যখন খেলছিলাম, তখন মনে হচ্ছিল হিউজ আমার সঙ্গেই আছে। আমার প্রথম সেঞ্চুরির পাওয়া ইনিংসেও হিউজ আমার সঙ্গী ছিল। আর আজকের সেঞ্চুরিটি তাকেই উৎসর্গ করলাম।’

আবেগময় ম্যাচে টস জয়ের আগে হিউজকে বিভিন্নভাবে স্মরণ করেছে এডিলেডে উপস্থিত সকলে। মাঠের মধ্যে ৪০৮ সংখ্যা লেখার পাশে দাঁড়িয়ে ৬৩ মিনিট নীরবতা পালন, কালো ব্যাজ ধারন, সাইড স্ক্রিনে হিউজের উদ্দেশ্যে কিছুক্ষণের একটি ভিডিও পর্যবেক্ষণ করেন সকলে।

এরপর আবেগকে সাথে নিয়ে খেলতে নেমে দলীয় ৫০ রানে ওয়ার্নারের সঙ্গী ক্রিস রর্জাসকে হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রানে ফিরেন রর্জাস। বড় ইনিংস খেলতে পারেননি তিন নম্বরে নামা শেন ওয়াটসনও, ফিরেছেন ১৪ রানে। তবে তৃতীয় উইকেটে ওয়ার্নারের সাথে ১১৮ রানের মূল্যবান জুটি গড়েন অধিনায়ক মাইকেল ক্লার্ক। এই জুটি ভাঙ্গতে পারেনি ভারতীয় বোলাররা। পিঠের ইনজুরির কারণে নিজেই বাধ্য হয়ে অবসর নেন ক্লার্ক। প্যাভিলিয়নে ফেরার সময় তার নামের পাশে জলজল করছিল ৬০ রান।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩৫৪/৬, ৮৯.২ ওভার (ডেভিড ওয়ার্নার ১৪৫, স্টিভেন স্মিথ ৭২*, মোহাম্মদ সামি ২/৮৩)।