শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ২০:০৩
 
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে মঙ্গলবার। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে— বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল ওষুধ, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক ও বস্ত্র খাতে। এ খাতগুলোতে লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের অর্ধেকেরও বেশি। এর মধ্যে ওষুধও, ইঞ্জিনিয়ারিং ও ব্যাংকিং খাতে লেনেদন হয়েছে ১৭৩ কোটি টাকা। বাজারে শেয়ারদর বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংকিং খাত ধীরে ধীরে এগিয়ে আসছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৩টির দর আগের দিনের তুলনায় বেড়েছে। আর ৪টি কোম্পানির দর ছিল অপরিবর্তিত। বাজার সংশ্লিষ্টরা বলছেন— বছর শেষে লভ্যাংশের প্রত্যাশায় ব্যাংকের শেয়ারের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৩৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।
এ দিকে, সাম্প্রতিক সময়ে বিডি থাই ও ইউনাইটেড লিজিংয়ের শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। শেয়ারদর বাড়ার কারণ জানতে ডিএসইর পক্ষ থেকে দেয়া নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা  গেছে— গত ৯ কার্যদিবসে বিডি থাইয়ের শেয়ার দর বেড়েছে ১০ টাকা বা ২৩ শতাংশ। আর বিগত ১১ কার্যদিবসে ইউনাইটেড লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৮ টাকা বা ২২ দশমিক ৬৫ শতাংশ।