২ স্টক ব্রোকারকে ২৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৪, ২০:০৮
 
 
 
 
 
 
সিকিউরিটিজ আইন অমান্য করায় প্রাইম ইসলামী সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া সভায় বাংলাদেশ স্টিল মিলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, ৫ লাখ টাকার বেশি অর্থ নগদে গ্রহণ, গ্রাহকদের সমন্বিত হিসাবে তহবিল ঘাটতি, পরিচালককে মার্জিন ঋণ দেয়া এবং ঋণ পাওয়ার অযোগ্য কোম্পানি ও জেড ক্যাটাগরির কোম্পানিতে ঋণ দেয়ায় প্রাইম ইসলামী সিকিউরিটিজের বিরুদ্ধে ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ঋণ চুক্তি ছাড়া ঋণ দেয়া, আর্থিক প্রতিবেদনে অতিরিক্ত খরচ দেখানো, জেড ক্যাটাগরিতে ঋণ প্রদান এবং ডিলার একাউন্টে এক বছরের বেশি সময় কোনো লেনদেন না করায় ফার্স্ট লিড সিকিউরিটিজকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
এ দিকে, কমিশন সভায় আইপিওর মাধ্যমে বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেডকে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা দরে করে কোম্পানির প্রতিটি শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটি বাজারে ১ কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে চলমান কারখানার প্রসার, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে।
এ দিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজীবাজার কোম্পানির সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক লেনদেনের প্রেক্ষিতে করা তদন্ত কমিটি কমিশনে তাদের প্রতিবেদন উপস্থাপন করেছে। এ  ক্ষেত্রে, কিছু ব্যাক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনে আইন ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন।