পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় সশস্ত্র বনদস্যুরা মুক্তিপণের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে। স্থানীয় বনদস্যুরা যৌথভাবে ৪ ও ৬ নং বয়া এলাকায় গতকাল মঙ্গলবার মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে এসব জেলেদের অপহরণ করে নিয়ে যায়। শুঁটকী পল্লীর জেলেরা সমুদ্রে মাছ আহরণ করে উপকূলে ফেরার পথে ট্রলারে হামলা চালিয়ে তাদের কাছ থেকে মালামাল লুটে জেলেদেরকে অপহরণ করে দস্যুরা। দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন আরও জানান, অপহূত জেলেদের বাড়ি বাগেরহাট, খুলনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: আমীর হোসাইন জানান, জেলেদের অপহরণের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারে সেখানে অভিযান চালানো হচ্ছে বলে কোষ্টগার্ড জানিয়েছে।
