বগুড়ায় কিশোরকে গলা কেটে হত্যা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ০০:৪৬

শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে হাজরাবাড়ী গ্রামে আবুল খায়ের কানন (১৩) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কানন বগুড়া সদরের তেলিহারা গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে। তবে সে হাজারবাড়ী গ্রামে তার নানা বাড়িতে বসবাস করতো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের দুই বন্ধুকে আটক করেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, গত সোমবার রাতে কানন পার্শ্ববর্তী কলুমগাড়ী মাদ্রাসায় ধর্মীয় সভা অনুষ্ঠানে যাবার পর রাতে আর বাড়ি ফেরেনি। গতকাল তার লাশ ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের নানা খাজা মিয়া আকন্দ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।