আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস’র অব্যাহত সন্ত্রাস ও চাদাঁবাজি বন্ধ করাসহ তিন দফা দাবিতে আগামী রবিবার থেকে খাগড়াছড়ি জেলায় লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ধর্মঘটের ডাক দেন সংগঠনটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ’র সহ-সাধারণ সম্পাদক এসএম শফি।
তিনি বলেন, জেলার ২২টি পয়েন্টে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস’র অব্যাহত সন্ত্রাস এবং চাদাঁবাজির কারণে সর্বশান্ত হয়ে পড়ছে ব্যাবসায়ী মহল, পরিবহন মালিক ও শ্রমিকেরা। অথচ চিহ্নিত এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কোন ব্যাবস্থা নিচ্ছে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ানি দেন তিনি।
এছাড়া জেলা সদর থেকে উপজেলাগুলোতে বিআরটিসি বাস সার্ভিস বন্ধ এবং উত্তর পার্বত্য চট্রগ্রামের বাসগুলোর জন্য চট্রগ্রাম শহরে একটি স্থায়ী বাস টার্মিনাল স্থাপনেরও দা্বি জানান এই পরিবহন নেতা।
এ সময় সংস্থাটির সদস্য সচিব মো. ইউনুছ মিয়া, সদস্য নাসির উদ্দিন তালুকদার ও বাদশা মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
