‌এসেছি গোল করতে, মেসিকে সহযোগিতা করতে নয়: সুয়ারেজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৮
 
 
 
উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ বলেছেন, তিনি বার্সেলোনায় গোল করতে এসেছেন, শুধুমাত্র লিয়নেল মেসি কিংবা নেইমারকে গোল করতে সহয়তা করাই তার দায়িত্ব নয়।
 
লিভারপুর থেকে রেকর্ড ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় আসার পর থেকে নিজে গোল করতে না পারলেও প্রায় প্রতিটি ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সুয়ারেজ। অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে অভিষেক হওয়ার পরে মাত্র একটি গোল করেছেন। অথচ ছয়টি লা লিগা ম্যাচে সহযোগিতা করেছেন পাঁচটি গোলে। নিজের ব্যক্তিগত পরিসংখ্যানের তুলনায় দলের ফলাফলই বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি বিশ্বাস করেন। যদিও তিনি অকপটেই স্বীকার করেছেন অন্যকে দিয়ে গোল করার তুলনায় নিজে গোল করতেই তিনি বেশি আগ্রহী থাকেন।
 
এ সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসির পাশে একই দলে খেলার কারণে সবকিছু সহজ হয়ে যায়। তার সাথে খেলা আমি দারুণ উপভোগ করি। অবশ্যই একজন ফরোয়ার্ড হিসেবে নিজে গোল করার দিকেই আমার দৃষ্টি থাকে। কিন্তু যখন পুরো দল ভাল করছে তখন এখানে কোনো সমস্যা নেই। বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে খেলতে পারাটাও সৌভাগ্যের। সে এখনো দলের সুবিধার কথা মাথায় রেখেই খেলে। তবে আমরা শুধুমাত্র মেসির জন্য খেলি না। আমরা একে অপরের জন্য খেলি। আমরা জানি মেসির সাথে সাথে নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তার মতো খেলোয়াড়ও পার্থক্য গড়ে দেবার ক্ষমতা রাখে। এই ধরনের খেলোয়াড়রা সব সময়ই আত্মবিশ্বাস যোগায়। দলের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আমি এখন পর্যন্ত খেলে এসেছি। কিন্তু অপরকে দিয়ে গোল করানোটাও পছন্দ করি। কিন্তু এখানে আসার পরে নিজে গোল করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। লিভারপুলের হয়ে বেশি গোল করার কারণেই এখানে আমাকে নিয়ে আসা হয়েছে।