ইবির ভর্তি সাক্ষাৎকার স্থগিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৬:৫৪
ক্যাম্পাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় ভিসি ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, অনিবার্য কারণবশত ভর্তির সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। ক্যাম্পাস স্বাভাবিক হলেই নতুন সময়সূচি দিয়ে ভর্তির সাক্ষাৎকার নেওয়া হবে। আশা করি দ্রুত ক্যাম্পাস স্বাভাবিক হয়ে যাবে।
বৃহস্পতিবার থেকে ভর্তির সাক্ষাৎকার শুরু হবার কথা ছিল। এর আগে ৭ ডিসেম্বর থেকে ভর্তির সাক্ষাৎকার শুরু হবার কথা থাকলেও ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তা স্থগিত করা হয়। 
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।