কঠিন সব সমীকরণ জয় করে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের সেরা স্ট্রাইকার আগুয়েরোকে ছাড়াই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির ক্লাব রোমাকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
শুধু জিতলেই শেষ ষোলোর টিকেট পেত না সিটি। অন্য ম্যাচে বায়ার্নের কাছে ৩-০ ব্যবধানে সিএসকেএ মস্কো হেরে যাওয়ায় লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটি।
বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার সের্হিও আগুয়েরোই শুধু নয়, চোটের কারণে সিটি দলে ছিলেন না অধিনায়ক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিও।
খেলার প্রথমার্থ কেটেছে গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই চলতে থাকে। এরই মধ্যে ৬০তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান সিটির ফরাসি মিডফিল্ডার সামির নাসরি। ক্লিশির পাস থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নাসরি। নির্ধারিত সময় শেষের চার মিনিট আগে রোমার স্বপ্নভঙ্গ করেন পাবলো সাবালেতা। ডি বক্সের মধ্যে নাসরির ছোট্ট একটা পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
‘ই’ গ্রুপ থেকে আগেই পরের ধাপে উঠে যাওয়া বায়ার্নের পয়েন্ট ১৫। আর নকআউটে তাদের সঙ্গী হওয়া সিটির পয়েন্ট ৮। সমান ৫ পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে মস্কোকে পেছনে ফেলে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার টিকেট পেয়েছে রোমা।
