১৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার রাত আটটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
তীব্র কুয়াশার কারণে মাঝ পদ্মায় প্রায় সহস্রাধিক যাত্রী ও বেশ কিছু যান নিয়ে আটকা পরেছিল পাঁচটি ফেরি। এদিকে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যান। এছাড়া বুধবার সকাল ১০টা পর্যন্ত সাড়ে ১২ ঘণ্টা এবং মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পৌনে ১১ ঘণ্টা এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় জনদুভোর্গ চরম আকার ধারণ করেছে।
পরিবেশবিদ আরিফুর রহমান জানান, মৃদু শৈত্যপ্রবাহ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সন্ধ্যা রাতেও এই কুয়াশা পড়ছে। আরো অন্তত ৩/৪ দিন এমন চলতে পারে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, ফেরি রুটের মাওয়া এলাকায় কুয়াশার তীব্রতার বেশি। কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল এখন স্বাভাবিক হয়েছে।
