সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহতের ঘটনায় এক চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইসলাম পরিবহনের চালক আব্দুল বাতেন, তার সহকারী ইমরান হোসেন ও কলেজ ছাত্রীদের বহনকারী লাকি পরিবহনের চালকের সহকারী ইজাবুল।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশের এসআই বাকী বিল্লাহ মতিহার থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাকি পরিবহনের চালক আব্দুল রাজ্জাককে নগরীর মেহেরচণ্ডী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে বুধবার তিনি জামিনে মুক্তি পান।
গত ৭ ডিসেম্বর রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হন।
