বগুড়া শহরের সুত্রাপুরে সিলিন্ডার বিস্ফোরণে রুকু শেখ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় সালাম (৭০) নামে এক বেলুন বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। নিহত রুকু শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেনের বাসিন্দা মাহাতাব চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, বেলুন বিক্রেতা সালাম তিনটি গ্যাস সিলিন্ডারে গ্যাস তৈরির জন্য রাসায়নিক দ্রব্য দিয়ে সিলিন্ডারগুলো রাস্তার পাশে রেখে একটু দূরে দাঁড়িয়ে ছিল। পথচারী রুকু ঐ সড়ক অতিক্রম করার সময় দুইটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন বেলুন বিক্রেতা সালাম। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারগুলোতে পানি দিয়ে ঠান্ডা করে। পরে পুলিশ চিকিৎসাধীন আহত বেলুন বিক্রেতা সালামকে আটক করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলুন বিক্রেতা সালামকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে ।
