গাইবান্ধায় জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত ২০

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৪

গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ কন্সটেবলসহ কমপক্ষে ২০ আহত হন। এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রংপুর-ঢাকা মহাসড়কে কমপক্ষে ১৫টি যানবাহন ভাংচুর করে। ফলে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ৭২ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে। তাৎক্ষণিক ভাবে আটকৃতদের পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা সদরের মিতালী হোটেল এলাকা থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ‘বিচারিক হত্যাকাণ্ডে’র প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে ধাওয়া করে। এতে মিছিলকারারা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কের সাথী সিমেনা হলের সামনে পৌঁছে পুলিশকে লক্ষ্য করে ইট-পালকেট নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে। এসময় শুরু হয় দু’পক্ষের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা উপজেলা সদরের অদূরে রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় অবস্থান নেয়। সেখানেও পুলিশ মহাসড়ক থেকে তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও একাধিক বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭২ রাউন্ড শর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবির কর্মীরা মহাসড়কে চলাচলরত কমপক্ষে ১৫ টি গাড়ি ভাংচুর করে। ফলে দুপুর ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। এদিকে সংঘর্ষ ও ভাঙচুর চলাকালে ৮ পুলিশ কনস্টেবল, মিছিলকারীসহ কাঁচের আঘাতে যানবাহনের চালক-যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন।
পলাশবাড়ী উপজেলা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি আরিফুল ইসলাম দাবি করেন তদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ অতর্কিত লাঠিচার্জ করায় এ ঘটনার সূত্রপাত হয়। তিনি আরো জানান, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।