সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত বাংলাদেশির নাম রফিক তাজুল ইসলাম (৩২)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। পুলিশের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের এক মুয়াজ্জিনের গুলিতে ওই বাংলাদেশি নিহত ও এক ভারতীয় অভিবাসী আহত হয়েছেন। রিয়াদ থেকে ৩০ কিলোমিটার দূরের মাজমাহ জেলার ওরতাউবিয়াহ মসজিদে গত রবিবার আসরের নামাজের সময়ে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রফিক তাজুল ইসলামকে মৃত অবস্থায় পায়। আর গুলিবিদ্ধ ভারতীয় নাগরিককে পুলিশ জীবিত উদ্ধার করে মাজমাহের বাদশাহ্ খালেদ হাসপাতালে ভর্তি করে। তিনি আশঙ্কামুক্ত হলেও পুলিশ তার নাম প্রকাশ করেনি। হত্যাকারী ওই মুয়াজ্জিনকে পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, ওই মুয়াজ্জিন মানসিক রোগী এবং তিনি নিকটবর্তী হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
