সময় বদলেছে, বন্ধুত্ব বদলায়নি : পুতিনের সঙ্গে বৈঠকের পর মোদি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ২০:২১
 
 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের মধ্যে পারমাণবিক শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।
দু’দেশের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জানিয়েছেন, ‘সময় বদলেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব বদলায়নি। এখন আমরা এই সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই। আর এই সফর সেদিকে একটি পদক্ষেপ।’
অপর এক টুইটার বার্তায় মোদি বলেন, ‘ভারত ও রাশিয়ার মানুষের বন্ধন খুবই শক্তিশালী। অতীতে সুদিন এবং দুর্দিনে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে।’
পুতিন বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত-রাশিয়া পঞ্চদশ বার্ষিক সম্মেলন উপলক্ষে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। তিনি বুধবার রাতে বায়ুসেনার পালম স্টেশনে নামেন।
এ দিন হায়দরাবাদ হাউসে আলোচনায় বসে মোদি ও পুতিন। বৈঠকে পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুতিন ভারতে সামরিক সরঞ্জাম সরবরাহ বৃদ্ধি এবং বেশকিছু ক্ষেত্রে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরে মোদি সরকার ক্ষমতায় আসার পরে এটাই ছিল ভারত-রাশিয়া প্রথম বার্ষিক শীর্ষ বৈঠক। এর আগে জুলাইতে ব্রাজিলে ব্রিকস সম্মেলন এবং গত মাসে অস্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিন সাক্ষাৎ করেন।
গত বছর ডিসেম্বরে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তৎ্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এএফপি, এনডিটিভি