২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক আর্থিক বিবরণী (ব্যালান্সশিট) সঠিক সময়ে জমা না দেয়ায় সরকারি খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ৭ ডিসেম্বর ব্যাংক দুটির এমডি বরাবর পাঠানো শোকজ লেটারে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিবরণী জমা দিতে না পারার কারণ তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়। শোকজের জবাব না দিয়ে বাংলাদেশ ব্যাংকের সে নির্দেশনাও অমান্য করেছে ওই দুই ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরের ব্যালান্সশিট জমার শেষ দিন ছিল ৩১ আগস্ট। এ সময়ে জমা না দিতে পারলে সময় বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হয়। তবে দুটি ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন না করে করেছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে। আইনে সময় বাড়ানোর কোনো ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের না থাকলেও সেখান থেকে দুটি ব্যাংককেই তিন মাস করে সময় বাড়িয়ে দেয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের বাড়ানো সময়ও শেষ হয়েছে ৩০ নভেম্বর। বৃহস্পতিবার পর্যন্ত তারা ব্যালান্সশিট জমা দিতে পানেনি। বাংলাদেশ কৃষি ব্যাংক এমডি এমএ ইউসূফ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মনজুর আহমেদ দু’জনই এমডি হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, শিগগিরই ব্যালেন্সশিট প্রস্তুত করে জমা দেয়া হবে।
