বৃহস্পতিবার রাত ১১টা থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় বন্ধ হয়ে গেছে। শিমুলিয়া ও মাওয়া এলাকা কুয়াশার চাঁদরে ঢাকা পড়ায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছে না। মাঝ পদ্মায় প্রায় সহস্রাধিক যাত্রী ও বেশ কিছু যান নিয়ে আটকা পড়েছে ৫টি ফেরি। এদিকে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পারাপারের অপেক্ষার লাইনে রয়েছে ৭ শ’ শতাধিক যান।
বুধবার সকাল ১০টা পর্যন্ত সাড়ে ১২ঘন্টা, মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পৌনে ১১ ঘন্টা এবং বুধবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সাড়ে ১৪ ঘন্টা দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় জনদুভোর্গ চরম আকার ধারণ করেছে। গভীর রাতে ও ভোরে কুয়াশা পড়লেও সন্ধ্যা রাতে পরপর তিন দিন এই কুয়াশার ঘটনা এবারই প্রথম।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় আটকা পড়া ফেরিগুলো নোঙ্গর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরিগুলো আবার গন্তব্যে রওনা হবে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আব্দুল বাতেন জানান, কাওড়াকান্দি প্রান্তে কুয়াশার তীব্রতা অপেক্ষাকৃত কম। তাই এ প্রান্তে ছেড়ে যাওয়া ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।
