নিজেকে ফিরে পেলেন শন অ্যাবট

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৭
শন অ্যাবট ক্ষিপ্রতা নিয়েই ফের মাঠে ফিরলেন। আগের মেজাজেই দিব্যি আছেন বলেই অনেকে ভাবছেন। কয়েকদিন আগেও তার খেলতে পারা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তার পেশাদারিত্ব তিনি ঠিকই বজায় রেখেছেন।
সম্প্রতি শন অ্যাবটের এক বাউন্সারে সব ওলট পালট করে দিয়েছিল। সেই বাউন্সারে মারা গেলেন ফিলিপ হিউজ।  নিউ সাউথ ওয়েলসের পেসার অ্যাবট তার কঠিন সময় কাটিয়ে আবার মাঠে ফিরলেন দুর্দান্তভাবে।  ২২ বছর বয়সী এই ডান হাতি পেসারের দাপটে কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউ সাউথ ওয়েলস পেয়েছে ইনিংস ও ৮০ রানের জয়।
 এটা তার শুধু খেলাতেই ফেরা নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে করলেন সেরা বোলিং। প্রথম ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট, তবে ২য় ইনিংসে দেখা দিলেন ত্রাস হয়ে। ৭ ওভারে ১৪ রান দিয়ে তুলে নিলেন ৬ উইকেট। হ্যাট্রিকের সুযোগও পেয়ে গিয়েছিলেন তিনি। ইনিংসের ৪১তম ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দিলেন কুইন্সল্যান্ডের ক্রিস হার্টলি ও কেমেরন ব্রিম্বলকম্বেকে। ৩য় বলে লুক ফেল্ডম্যানকে দিলেন দারুন এক ইয়র্কার। কোনো রকম বেঁচে যান ফেল্ডম্যান। ২য় ইনিংসে কুইন্সল্যান্ড অলআউট হয় মাত্র ৯৯ রানে। 
এর আগে প্রথম শ্রেণির ম্যাচে এক ইনিংসে অ্যাবটের সেরা বোলিং ছিল ৩৬ রানে ৪ উইকেট। এবার তিনি এই ফিগারটিকেও টপকে গেলেন।