দৌলতপুরে অগ্রণী ব্যাংকে লুটের চেষ্টা, গ্রেফতার ১

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ১৫:৪৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরে অগ্রণী ব্যাংক দৌলতপুর শাখায় অর্থ লুটের চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্ত। পুলিশ এ সময় এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ঐ ব্যাংকে কোন নৈশ প্রহরী না থাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের গ্রিল ও দরজা কেটে ভিতরে প্রবেশ করে ভল্ট রুমের দরজা ভাঙার সময় প্রতিবেশীরা টের পেয়ে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছোটন (২৫) নামে এক দুর্বৃত্তকে ব্যাংকের ভিতর থেকে গ্রেফতার করে। এসময় তার অন্যান্য সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ব্যাংকে কোন নৈশ প্রহরী না থাকার সুযোগে দুর্বৃত্তরা ব্যাংক লুটের চেষ্টা চালিয়েছে। 
ব্যাংক ব্যবস্থাপক আবু জাফর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বেশ কয়েকবার নৈশ প্রহরী চেয়েও পাওয়া যায়নি। দৌলতপুর থানার উপ-পরিদর্শক রাসেল সরওয়ার জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।