‘বিজেপি জোরপূর্বক ধর্মান্তরিত করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চাচ্ছে’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ২১:৪৯
 
 
 
‘পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে মদন মিত্রকে গ্রেপ্তার করে সিবিআই অনৈতিক কাজ করেছে—এটা বেআইনি হয়েছে। এ রকম হলে ভারত সরকারের (বিজেপির) কোনো মন্ত্রী কলকাতায় এলে তো না জানিয়ে নির্দিষ্ট কারণে আমরাও তাকে গ্রেপ্তার করতে পারি।’ এ সময় তিনি বলেন, ‘বিজেপি সাম্প্রদায়িক তাস খেলছে। জোর করে ধর্মান্তরিত করছে। এই বিজেপি সরকার কাপুরুষ।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করে বলেন, ‘বাংলাকে আঘাত করার চেষ্টা হচ্ছে। বিপজ্জনক, অগণতান্ত্রিক চেষ্টা হচ্ছে। গায়ের জোরে গত দেশ দখল করতে চাইছে। প্রতিবাদে শনিবার থেকে আমরা পথে নামব। পশ্চিমবঙ্গের মাটিতে গুন্ডামি চলবে না।’
পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পর বিজেপি সরকারকে এভাবেই আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, দিল্লিতে অনেক বড় কেলেঙ্কারি হয়েছে। কোনো তদন্ত হয়নি। পশ্চিমবঙ্গে ওরা দিল্লি থেকে পুলিশ এনে গুন্ডামি করছে।’ মমতা ব্যানার্জি বলেন, ‘ভারতে যে দল বিজেপির বিরুদ্ধে লড়বে, আমরা পাশে থাকব।’
তিনি বলেন, মদন মিত্রকে আমরা পদত্যাগ করাচ্ছি না। সিবিআইকে বিজেপি রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে। বিজেপি স্বৈরতন্ত্র চালাচ্ছে।