পানছড়িতে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৯

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় দেশীয় একটি এলজি (ওয়ান গান শুটার) ও তিনটি তাজা কার্তূজসহ মিলন চাকমা (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। আটক মিলন চাকমা জেলার পানছড়ি উপজেলার চিকন চান কার্বারী পাড়া গ্রামের কালাচান চাকমার ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মরাটিলা নতুন পাড়া এলাকার বিশ্ব মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ঐ সন্ত্রাসীকে আটক করা হয়। সেনা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মেহেদি হাসান রাসেলের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি বিশেষ দল যৌথ অভিযান চালায়। সন্ত্রাসী মিলন চাকমাকে আটক করে তার কাছ থেকে একটি এলজি (ওয়ান গান শুটার) ও তিনটি তাজা কার্তূজ উদ্ধার করা হয়।