আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন জানান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সকালে একটি মিছিল ও সমাবেশ করে। এ সময় তাদের সমাবেশ করতে বাধা দিলে আলমগীরসহ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম, মিঠুসহ ৪ জন গুরুতর আহত হয়। এ সময় উভয় গ্রুপের সংঘর্ষে ৮টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে দাবি করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অয়ন।
এদিকে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আলমগীর হোসেনের দাবি দীর্ঘ দিন ধরে বর্তমান সভাপতি সম্পাদক টাকার বিনিময়ে বিভিন্ন কমিটির অনুমোদন দিচ্ছিল। এসবের প্রতিবাদে তারা রাজ্জাক পার্কে সমাবেশ করছিল। প্রতিপক্ষরা তাদের ওপর আক্রমণ করে। এতে তাদের আল আমিন ও সজল নামে দু’জন কর্মী আহত হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা হলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। সেখানে কেউ আহত হয়েছে কিনা এমন তথ্য পুলিশের কাছে নেই।
