নভেম্বরে ওটিসিতে ৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ২১:৩০
 
 
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৬৮ কোম্পানির মধ্যে নভেম্বরে শেয়ার লেনদেন হয়েছে চারটি কোম্পানির। এ মাসে এ চারটি কোম্পানি ঘিরে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকার, যা আগের মাস থেকে অনেক বেশি। ডিএসইর নভেম্বরের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নভেম্বরে ওটিসিতে লেনদেন হওয়া চারটি কোম্পানি হলো— তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, আরবি  টেক্সটাইলস, মুন্নু ফেব্রিক্স এবং অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। জানা গেছে— নভেম্বরে ওটিসিতে মোট ৩ কোটি ৩৯ লাখ ৫ হাজার ১৪৫ টাকায় ৩২ লাখ ৩ হাজার ৬৩০টি শেয়ার লেনদেন হয়েছে। অক্টোবর মাসে ওটিসিতে লেনদেন হয়েছিল ২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। অর্থাত্, এ মাসে ওটিসিতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকার।
তথ্যে দেখা গেছে— নভেম্বরে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ২ কোটি ১০ লাখ টাকায় ১৪ লাখ শেয়ার, আরবি টেক্সটাইলের ১ কোটি ৯ লাখ ৪৭ হাজার ২২৫ টাকায় ১৪ লাখ ৫৯ হাজার ৬৩০টি শেয়ার, মুন্নু ফেব্রিক্সের ১ লাখ ৪৯ হাজার টাকায় ২৯ হাজার শেয়ার এবং অ্যাপেক্স ওয়েভিংয়ের ১৮ লাখ ৮ হাজার ৯২০ টাকায় ৩ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ওটিসিতে ৬৮টি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও সাধারণ ২০ থেকে ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। তবে তা অনিয়মিত। বাকি কোম্পানির শেয়ার লেনদেন হয় না বললেই চলে। এ ছাড়া, ওটিসি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২২টি কোম্পানির কোনো লেনদেনই হয়নি।