চট্টগ্রামে হাতবোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর জিপিও সামনে অবস্থিত গিনি গোল্ড জুয়েলার্সে এই ডাকাতির চেষ্টা হয়। এ সময় হাত বোমার আঘাতে কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরী বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে গিনি গোল্ড জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্বৃত্তরা ডাকাতির চেষ্টা চালায়। এ সময় দোকানের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া দিলে তারা দোকান লক্ষ্য করে দু’টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণে দোকানটির সোকেস, আয়না, মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পিস্তলসহ একজনকে আটক করেছে মহানগর পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত ঐ ব্যক্তির নাম জানা যায়নি।
ঘটনার পর পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। আতংকে জিপিও, নিউমার্কেট মোড়সহ আশপাশের এলাকা দিয়ে যানবাহন চলাচল কমে গেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম ঘটনাস্থল থেকে ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
