নিখোঁজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লূনা বলেছেন, ইলিয়াস আলীকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ তাকে গুম করে রেখেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমার স্বামীর প্রাণভিক্ষা চেয়েছিলাম। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে, ইলিয়াস আলীকে খুঁজে দেখা হবে, খুঁজে দেয়া হবে। কিন্তু প্রায় ৩ বছর অতিবাহিত হচ্ছে— ইলিয়াস আলী সম্পর্কে সরকারের সুস্পষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিলেটে ওসমানীনগরে দয়ামীরতে ওসমানী স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওসমানীনগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা ইলিয়াস পরিবারের সাথে বেইমানি করবে না তাদের নির্বাচিত করতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি কঠোর আন্দোলনের মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনারও প্রত্যয় ব্যক্ত করেন। ওসমানীনগর থানা বিএনপির আহ্বায়ক চেরাগ আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা আনহার মিয়ার পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, জেলা বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী, মহিলা দল নেত্রী ছালেহা কবির পপি প্রমুখ।
