চট্টগ্রামে বোমা-গুলি ছুড়ে গয়নার দোকানে ডাকাতির ঘটনায় ১১ জনকে আসামি করে দুইটি মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ‘গিনি গোল্ড ফ্যাশন জুয়েলার্সের’ মালিক রূপন কান্তি ধর শনিবার গভীর রাতে দশজনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আর পুলিশের এসআই একে ফজলুল হক অন্য মামলাটি দায়ের করেন নগরীর পাহাড়তলী থানায়, যাতে আসামি করা হয়েছে দুইজনকে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে বন্দরনগরীর জিপিওর সামনে অপরূপা জুয়েলার্স ও গিনি গোল্ড জুয়েলার্স নামে দুটি গয়নার দোকানে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা হয়।
গুলি ও বোমা বিস্ফোরণে আহত হন অন্তত ১৩ জন, যাদের মধ্যে দুইজনকে ডাকাত দলের সদস্য হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।
