প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৮
 
 
 
প্রেমে সাড়া না দেয়ায় এক স্কুলছাত্রীকে (১৪) কুপিয়ে জখম করেছে বখাটেরা। রবিবার সকালে ঝিনাইদহ শহরে এই ঘটনা ঘটে। আহত ঐ ছাত্রী ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে ঐ ছাত্রীর সহপাঠিরা শহরের পায়রা চত্তরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করে। এ সময় তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
আহত স্কুলছাত্রীর মা জানান,  তার মেয়েকে দীর্ঘদিন ধরে একই এলাকার বখাটে যুবক রিয়াদ ও সবুজ বিয়ের প্রস্তুাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। রবিবার সকালে ঐ স্কুলছাত্রী তার বান্ধবীর সাথে বার্ষিক পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল। তারা শহরের অনির্বান স্কুলের সামনে পৌঁছালে রিয়াদ ও সবুজসহ একদল বখাটে তাদের গতিরোধ করে। তারা ঐ ছাত্রীর হাত ধরে টানা টানি করে। এক পর্যায়ে পিঠে ও হাতে পায়ে ছুরিকাঘাত করে। এতে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বখাটেরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে শহরের ফজের আলী স্কুল এন্ড কলেজ, কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ ও ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে শহরের পায়রা চত্তরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। তারা দোষিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহাবউদ্দিন আজাদ জানান, বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।