অস্বাস্থ্যকর পরিবেশ ও পচাঁ-বাসি খাবার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে অভিজাত রেস্টুরেন্ট ‘অভি হাইওয়ে ভিলা’ এবং ‘ফুড গার্ডেনে’ অভিযান চালিয়ে রেস্টুরেন্ট দুটি থেকে ১ লাখ ১০ হাজার টাকার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় রেস্টুরেন্ট দুটির মালিকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নুর মোহাম্মদ ভূইয়া এবং উল্লাপাড়ার স্বাস্থ্য পরিদর্শক এস.এ.বারি উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন জানান, পচাঁ-বাসি খাবার বিক্রির অপরাধে ফুড গার্ডেনকে ৬০ হাজার এবং লাইসেন্স, শ্রমিকদের স্বাস্থ্যগত সনদ না থাকার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ‘অভি হাইওয়ে ভিলা’ কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পচাঁ ও বাসি খাবার রাস্তায় ফেলে ধ্বংস করা হয়েছে। এছাড়া আগামীতে এ ধরনের অপরাধের জন্য সতর্কও করা হয়েছে। এ ঘটনায় ‘অভি হাইওয়ে ভিলা’র মালিক আব্দুল লতিফ এবং ‘ফুড গার্ডেনে’র মালিক আলহাজ আলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
