কুমিল্লার দাউদকান্দিতে বালুর জাহাজ থেকে চাঁদা আদায়ের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইসহাক (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরো ছয়জন। রবিবার সন্ধ্যায় দাউদকান্দির সদর উত্তর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোমতী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় যুবলীগ নামধারী মনির ও আল-আমিনের গ্রুপ দীর্ঘদিন যাবত গোমতী নদীতে বালুবাহী জাহাজ থেকে চাঁদাবাজি করে আসছে। ওই গ্রুপ কৃষ্ণপুর গ্রামে ড্রেজারের মালিক রতন মিয়ার নিকটও মোটা অংকের চাঁদা দাবি করে। রবিবার চাঁদার টাকার জন্য গেলে জাহাজের লোকজন তাদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পাশে খিরা ক্ষেতে কাজ করছিলেন ইসহাক মিয়া ও তার ছেলে আবুল কালাম। গুলিবিদ্ধ ইসহাক মিয়া ও আবুল কালামকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিত্সক ইসহাক মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত ওই কৃষক উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। গুলিবিদ্ধ রতন মিয়া (৩৪) ও আবুল কালামসহ (৩৫) ৬জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দাউদকান্দির মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
