সেমুতুাং গ্যাসফিল্ডের একটি কূপে উত্পাদন বন্ধ অন্যটিতেও কমছে গ্যাস

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২৩:৫৭

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবস্থিত সেমুতাং গ্যাস ফিল্ডের দুটি কূপের মধ্যে একটিতে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেছে। চালুর মাত্র সাত মাসের মধ্যে ৬ নম্বর কূপটি গত ৩ ডিসেম্বর বন্ধ করে দেয়া হয়। অন্যটিতেও গ্যাস দ্রুত কমে আসছে। নতুন কূপ খনন করা না হলে বেশিদিন এগুবে না গ্যাসক্ষেত্রটির কার্যক্রম।

বর্তমানে একমাত্র ৫ নম্বর কূপ থেকে প্রতিদিন গড়ে চার হতে সাড়ে চার মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরে বাপেক্স যখন এই কূপটি চালু করে তখন দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হতো। কিন্তু পরবর্তীতে উত্তোলিত গ্যাসের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পেতে খাকে। গত শনিবার কূপটিতে মাত্র সাড়ে চার মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ৬ নম্বর কূপটি চালু হওয়ার মাত্র সাত মাসের ব্যবধানে উত্পাদনের পরিমাণ মাত্র এক মিলিয়নে নেমে আসে। এ অবস্থায় গত ৩ ডিসেম্বর বাপেক্স এ কূপটি বন্ধ করে দেয়। অন্য একটি সূত্র জানায়, গত সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে এ কূপটিতে মাত্রাতিরিক্ত পানি উঠা শুরু হয়। সেসময় দৈনিক ৪০০ ব্যারেল পানি উঠে গ্যাসের সাথে। গ্যাস ও তেল শোধন করার পর পানিগুলো ড্রেনের মাধ্যমে ছড়া ও খালে ছেড়ে দেয়া হত। এতে জীববৈচিত্র্যের ক্ষতির আশংকা সৃষ্টি হলে এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট ও প্রকাশিত হয়।