পাকিস্তানের দুইজন খেলোয়াড়কে চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে ভারতকে হারানোর পর অশ্লীলভাবে জয় উদযাপনের ঘটনায় এক ম্যাচের জন্য সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। ফলে আজ রবিবার জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবেন না পাকিস্তানের দুই খেলোয়াড় মোহাম্মদ তৌসিক ও রিজার্ভ গোলরক্ষক আলি আমজাদ।
এছাড়া শাফকাত রসুলকে সতর্ক করে দেয়া হয়। গতকালই পাকিস্তান কোচ শাহনাজ শেখ ও খেলোয়াড়দের ডেকে শুনানি করে এফআইএইচ। এই ঘটনায় মৃদু ভর্ত্সনা ছাড়া তেমন কোনো পদক্ষেপ না নেয়ায় ভারত ইতোপূর্বে কঠোর অবস্থান নিয়েছিল। গতকাল রবিবার হকি ইন্ডিয়া জানিয়েছিল এফআইএইচ যতক্ষণ না পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে, ততদিন তারা বিশ্ব হকি’র কোনো টুর্নামেন্ট আয়োজন করবে না।
গত শনিবার আটজাতির এ প্রতিযোগিতার সেমিফাইনালে ভারতকে ৪-৩ গোলে হারানোর পর পাকিস্তান হকি খেলোয়াড়রা স্বাগতিক সমর্থক এবং মিডিয়ার দিকে অশ্লীল অঙ্গভঙ্গী করে জয়টি উদযাপন করে। এই ঘটনার পরপরই পাকিস্তান কোচ ক্ষমা চাওয়ায় পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আন্তর্জাতিক হকি ফেডারেশন।
এতে হকি ইন্ডিয়ার সভাপতি নারিন্দর বাট্রা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পিটিআইকে বলেন, ‘এটা নির্লজ্জ এবং নিন্দনীয় ঘটনা। অথচ এ ব্যাপারে এফআইএইচ খুবই দুর্বল পদক্ষেপ এবং হালকা সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এইআইএইচের কাছে আমরা এটা পরিষ্কার করতে চাই যে তারকা খেলোয়াড়দের কাছ থেকে এই ধরনের ব্যবহার ভারতীয়দের কাছে গ্রহণযোগ্য নয়।’
তিনি আরো বলেছিলেন, ‘সূচি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি মার্চে মহিলা হকি লিগের তৃতীয় রাউন্ডের খেলা আয়োজনের পর থেকে এফআইএইচের আর কোনো টুর্নামেন্টে আমরা স্বাগতিক হবো না। এই ঘটনায় পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নিলে আমরা ২০১৮ সালে পুরুষ হকি বিশ্বকাপও আয়োজন করবো না।’
—দ্য হিন্দু/টাইমস অব ইন্ডিয়া
